সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নেওয়া নেতাকর্মীদের খুঁজছে পুলিশ

linknews

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ১৮:২১

শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নেওয়া নেতাকর্মীদের খুঁজছে পুলিশ

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে নিষিদ্ধ ঘোষিত বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি সবুজ মোল্লার ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রচার করা হয়।

এক মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি সবুজ মোল্লা দাঁড়িয়ে তার সামনে দাঁড়ানো নেতাকর্মীদের শপথ পাঠ করাচ্ছেন। ভিডিওতে ২০-২৫ জন নেতাকর্মীকে শপথ নিতে দেখা যায়।

শপথ অনুষ্ঠানে বলতে শোনা যায়, ‘আমরা মহান আল্লাহর নামে শপথ করিতেছি যে, জঙ্গি জামাত-বিএনপির অগ্নিসন্ত্রাস, পুলিশ-জনতা খুন, লুটপাট, অবৈধ দখল, নিষ্ঠুর হামলা ও গায়েবি মামলার সমুচিত জবাব দিব। গরিব-দুঃখী মেহনতী মানুষকে সাথে নিয়ে হারানো গৌরবকে ফিরিয়ে আনব। আমাদের ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ অলি আসিফ ইনান ভাইয়ের নেতৃত্বে জাগ্রত বিবেকবান দেশপ্রেমিকদের ঐক্য গড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পরিচালনা করব। প্রয়োজনে শেখ হাসিনার নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে নিজের জীবনকে উৎসর্গ করব।’ শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে শপথ শেষ করতে শোনা যায়। তবে শপথ অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ মো. হাসনাইন পারভেজ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি আমরাও দেখেছি। কোথায় এই শপথ হয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। এ ছাড়া শপথে কারা কারা অংশ নিয়েছিলেন, তাদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।