পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ | ২০:৪৩

রোববার (১৫ নভেম্বর) বিকেলে কক্সবাজারের মোটেল শৈবালের সাগরিকা রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম।
আয়োজকেরা জানান, কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে আরও বিস্তৃত করা, পর্যটকদের অবস্থানকাল বাড়ানো এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্য নিয়ে এ কার্নিভালের আয়োজন করা হয়েছে। পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও উৎসবে অংশ নেওয়ার সুযোগ থাকবে। কার্নিভাল আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পর্যটকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে কার্নিভাল প্রাঙ্গণে ১৫টি বিশেষ জোন রাখা হচ্ছে। ওয়েলনেস জোনে শারীরিক ও মানসিক প্রশান্তির ব্যবস্থা থাকবে। এক্সপেরিয়েন্স জোনে মিলবে রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং ক্যাম্পিং জোনে সমুদ্রের সান্নিধ্যে রাতযাপনের সুযোগ।
ওপেন থিয়েটার জোনে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ওপেন লাইব্রেরি অ্যান্ড টেলিস্কোপ জোনে থাকবে বই পড়া ও রাতের আকাশ পর্যবেক্ষণের সুযোগ। মার্কেট জোনে স্থানীয় ও ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি এক্সিবিশন জোনে পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হবে।
শিশু-কিশোরদের জন্য থাকবে কিডস জোন ও গেমিং জোন। ফুড জোনে কক্সবাজারের ঐতিহ্যবাহী সামুদ্রিক খাবারের পাশাপাশি দেশি-বিদেশি নানা পদের খাবার পাওয়া যাবে। অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য গো-কার্ট ও স্পোর্টস জোনে থাকছে গো-কার্টিং, বিচ স্পোর্টসসহ বিভিন্ন খেলাধুলার সুযোগ।
এ ছাড়া অ্যাম্ফিথিয়েটার জোনে দেশীয় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা, বালু ভাস্কর্য জোনে দেশি-বিদেশি শিল্পীদের তৈরি ভাস্কর্য এবং আর্ট জোনে দেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। সমুদ্রসৈকতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে সি-ভিউ বারবিকিউ জোন। সৈকতকেন্দ্রিক আয়োজনের পাশাপাশি মোটেল শৈবালের ভেতরে থাকা পুকুরের চারপাশেও দৃষ্টিনন্দন সাজসজ্জা ও বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থা রাখা হচ্ছে।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, আগামী ২২ নভেম্বর থেকে কার্নিভালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবীর, কক্সবাজার পর্যটন কার্নিভালের নিরাপত্তা উপদেষ্টা ক্যাপ্টেন মোহাম্মদ আশিকুর রহমান এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান গাজী গোলাম সরওয়ারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ১৯ ঘণ্টা আগে

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
linknews · ১৯ ঘণ্টা আগে