রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের মানবিক কার্যক্রম ঘুরে দেখলেন ডাচেস সোফি
linknews
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ | ২১:৪২

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিনি ৪, ৫, ১৮ ও ২০ নম্বর ক্যাম্প ঘুরে দেখেন। এ সময় রোহিঙ্গাদের জীবনযাত্রা, মানবিক সংকট এবং নারী ও শিশুদের সুরক্ষায় পরিচালিত কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন ডাচেস সোফি।
সকাল সাড়ে ১০টার দিকে ১৮ নম্বর ক্যাম্পের বি-১ ব্লকের একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শনের মধ্য দিয়ে তার কার্যক্রম শুরু হয়। সেখানে তিনি রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম ও পরিবেশ ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের পড়াশোনার খোঁজখবর নেন।
এরপর একই ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করেন সোফি। সেখানে নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় পরিচালিত ‘উইমেন অ্যান্ড গার্লস সেফ স্পেস’ ঘুরে দেখেন।
পরবর্তীতে দুপুর ১২টার দিকে ২০ নম্বর ক্যাম্পে আইওএম ও পালস-এর উদ্যোগে পরিচালিত সাবান তৈরির কারখানা পরিদর্শন করেন সোফি। সেখানে কাঁচামাল মেশানো থেকে শুরু করে সাবান তৈরি, কাটিং ও মান পরীক্ষা করার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এ সময় কারখানায় কর্মরত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে কারখানার কর্মকর্তারা উৎপাদিত সাবান সংরক্ষণ এবং শরণার্থীদের মধ্যে তা বিনামূল্যে বিতরণের প্রক্রিয়া তাকে দেখান।
এরপর তিনি উখিয়ার ৪ নম্বর ক্যাম্পে যান। সেখানে ইউএন উইমেন পরিচালিত ‘মাল্টিপারপাস সেন্টার’ পরিদর্শন করেন। একই ক্যাম্পে প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তায় পরিচালিত বিভিন্ন কার্যক্রমও ঘুরে দেখেন।
সংশ্লিষ্টরা জানান, সোফির বাংলাদেশ সফরের অন্যতম লক্ষ্য ছিল নারীদের নিরাপত্তা, ক্ষমতায়ন ও শিক্ষা নিয়ে পরিচালিত উদ্যোগগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করা; পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মানবিক সহযোগিতার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেওয়া।
ক্যাম্প পরিদর্শনকালে ডাচেস অব এডিনবরার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। এ ছাড়া ব্রিটিশ রাজপরিবারের প্রতিনিধি, ব্রিটিশ হাইকমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তা, মানবিক সহায়তা ও উন্নয়ন বিশেষজ্ঞ, গণমাধ্যমকর্মী এবং নিরাপত্তা দলের সদস্যরা তার সফরসঙ্গী ছিলেন।
ক্যাম্প পরিদর্শন শেষে বিকেল সাড়ে তিনটার দিকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন সোফি এবং সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা আশ্রয়শিবিরে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের মানবিক সহায়তায় দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা কাজ করছে। সফরের সময় ডাচেস এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন। বিশেষ করে নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে নেওয়া উদ্যোগগুলো তিনি দেখেছেন।
আরআরআরসি আরও জানান, এই সফরের মাধ্যমে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বিভিন্ন সংস্থার ভূমিকা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অব্যাহত প্রচেষ্টা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
উখিয়াস্থ ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সিরাজ আমিন বলেন, ডাচেস সোফির সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে এপিবিএনের সদস্যরা এবং ক্যাম্পের বাইরে জেলা পুলিশ দায়িত্ব পালন করেছে।
সোফি হেলেন রাইস-জোনস ১৯৬৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাজ্যের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালের ১৯ জুন প্রিন্স এডওয়ার্ডের সঙ্গে তার বিয়ে হয়। ২০২৩ সালে প্রিন্স এডওয়ার্ড ডিউক অব এডিনবরা উপাধি পাওয়ার পর সোফি ডাচেস অব এডিনবরা হিসেবে পরিচিতি পান। এর আগে ২০১৭ সালেও তিনি বাংলাদেশ সফর করেছিলেন।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে