সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

linknews

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ | ২১:৪০

যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

মঙ্গলবার (১০ নভেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ১০১ রানে হারিয়ে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৫ রান তোলে তারা। জবাবে ৪৩ দশমিক ৪ ওভারে ১৭৪ রানে অলআউট হয় নেপাল।

পাকিস্তানের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আহমেদ হুসেইন ও অধিনায়ক ফারহান ইউসুফ। আহমেদ ৭৩ বলে ৮৯ রান করেন। আর ফারহানের ব্যাট থেকে আসে ৯৫ বলে ৭৪ রান। তাঁদের ইনিংসে বড় সংগ্রহ পায় পাকিস্তান।

এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে যায় তারা। নেপালের বিপক্ষে জয় দিয়ে অপরাজিত থেকেই গ্রুপ পর্ব শেষ করেছে দলটি।

অন্যদিকে, বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১১৩ রানের বড় ব্যবধানে হেরেছিল যুবারা। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারায় বাংলাদেশ।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ২০৫ রানের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ। সেই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন আহসান আল মুমিন। ১৩৩ বলে অপরাজিত ১৫২ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ভর করে ৮ উইকেটে ৩০৩ রান তোলে বাংলাদেশ।

এরপর বল হাতে আলো ছড়ান তাফিউল আলম তামিম। মাত্র ১৮ রানে ৭ উইকেট নিয়ে মালয়েশিয়াকে ৯৮ রানে গুটিয়ে দেন এই পেসার। তাতেই 'বি' গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ চার নিশ্চিত করে বাংলাদেশ।

একই গ্রুপ থেকে তিন ম্যাচের সব কটিতে জিতে চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। অন্যদিকে, 'এ' গ্রুপের রানার্সআপ ভারত। ফলে অপর সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান।

আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল। একই সময়ে অনুষ্ঠিত হবে ভারত-আফগানিস্তান ম্যাচও।

দুই সেমিফাইনালের বিজয়ী দল আগামী শনিবার (১৪ নভেম্বর) শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।