সাফের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই: এক হাজার টাকার টিকিট এখন মাত্র ২০০ টাকা!
linknews
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ | ২০:১৮

ফাইনাল ঘিরে দর্শকখরার শঙ্কার মধ্যে এক হাজার টাকা থেকে সাধারণ গ্যালারির টিকিটের সর্বনিম্ন মূল্য নেমে এসেছে মাত্র ২০০ টাকায়। আগামী মঙ্গলবার ভারত-পাকিস্তান শিরোপার লড়াই দেখতে এই দামেই মিলছে টিকিট।
রোববার (১৫ নভেম্বর) অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকিফাইয়ের ওয়েবসাইটে ফাইনালের টিকিটের নতুন মূল্য দেখা গেছে। টুর্নামেন্ট শুরুর আগে সাধারণ গ্যালারির টিকিটের প্রাথমিক দাম নির্ধারণ করা হয়েছিল এক হাজার টাকা। পরে গ্রুপ পর্বের ম্যাচে তা কমিয়ে ৮০০ টাকা করা হয়। তবে বাংলাদেশের বিদায়ের পর ফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য নেমে এসেছে ২০০ টাকায়।
অর্থাৎ টুর্নামেন্টের শুরুতে ঘোষিত সাধারণ গ্যালারির মূল্যের তুলনায় ফাইনালের সর্বনিম্ন টিকিটের দাম ৮০ শতাংশ কম। দর্শক টানতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে আয়োজকদের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে বাংলাদেশের বিদায়ের পর ফাইনালে দর্শক উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
অথচ শনিবার (১৪ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে জাতীয় স্টেডিয়ামের চিত্র ছিল একেবারেই ভিন্ন। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে শেষ চারে ওঠা বাংলাদেশকে নিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখছিলেন সমর্থকেরা। সেই আশায় প্রায় ২২ হাজার আসনের জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন ২১ হাজার ৯৮৩ জন দর্শক। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) অফিসিয়াল ম্যাচ রিপোর্টেও এই দর্শকসংখ্যা নিশ্চিত করা হয়েছে।
কিন্তু মাঠে প্রত্যাশা পূরণ করতে পারেননি হামজারা। ম্যাচের ৮৬ মিনিটে আবদুল সামাদ শাহজাদের গোলে পাকিস্তানের কাছে ১-০ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এতে ২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় স্বাগতিকদের। ২০০৫ সালের পর আর এই প্রতিযোগিতার ফাইনালে খেলতে পারেনি বাংলাদেশ।
এবারের সাফে বাংলাদেশের ম্যাচগুলোর সঙ্গে অন্য দলগুলোর ম্যাচের দর্শক উপস্থিতির পার্থক্যও ছিল চোখে পড়ার মতো। গত ৫ নভেম্বর ভারত-পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচে জাতীয় স্টেডিয়ামে দর্শক ছিলেন মাত্র ২ হাজার ৩০০ জন।
অন্যদিকে বাংলাদেশের সেমিফাইনালে উপস্থিত ছিলেন প্রায় দশ গুণ দর্শক। স্বাগতিকদের ঘিরে তৈরি হওয়া এই উন্মাদনা ফাইনালে কতটা বজায় থাকবে, তা নিয়ে তাই প্রশ্ন থেকেই যাচ্ছে।
তবে ফাইনালেও ভারত-পাকিস্তানের লড়াই ঘিরে রয়েছে আলাদা আকর্ষণ। গ্রুপ পর্বে ভারতের কাছে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকছে পাকিস্তানের সামনে। অন্যদিকে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ভারত। এবারই প্রথম সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে পাকিস্তান।
আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। দর্শকদের জন্য স্টেডিয়ামের প্রবেশপথ খুলে দেওয়া হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
টিকিফাইয়ের ওয়েবসাইটে বর্তমানে সর্বনিম্ন ২০০ টাকা থেকে ফাইনালের টিকিট পাওয়া যাচ্ছে। তবে এত বড় মূল্যছাড়ের পরও ভারত-পাকিস্তানের শিরোপার লড়াই দেখতে কত দর্শক মাঠে আসবেন, সেটিই এখন দেখার বিষয়।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
অস্ট্রেলিয়ার মাটিতে রানের রেকর্ড গড়ে ইংল্যান্ডের দাপুটে জয়
linknews · ২০ ঘণ্টা আগে

সাফ সেমিফাইনাল: পাকিস্তানের বিপক্ষে একাদশে দুই পরিবর্তন আনল বাংলাদেশ
linknews · ১ দিন আগে

উরুগুয়ের কাছে হারের ধাক্কা: আর্জেন্টিনার দীর্ঘমেয়াদি দুই রেকর্ডের সমাপ্তি
linknews · ২ দিন আগে

স্যান্ডপেপার-কাণ্ডে ‘ধামাচাপার’ অভিযোগ ওয়ার্নারের
linknews · ২ দিন আগে