সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ঊষা

linknews

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬ | ২৩:২২

মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ঊষা

বিএনপির একাধিক শীর্ষস্থানীয় দায়িত্বশীল সূত্র এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী উষার বাবা এম এ মজিদ ঢাকা সিটি করপোরেশনের কমিশনার ছিলেন।

দলীয় সূত্র জানায়, ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর শূন্য হওয়া ওই সংরক্ষিত নারী আসনটিতে ত্যাগী, সক্রিয় ও তরুণ নেতৃত্বকে নিয়ে আসার বিষয়ে দলের নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা হয়। সার্বিক বিবেচনায় সাবেক ছাত্রনেত্রী ফাহমিদা মজিদ ঊষার নাম চূড়ান্ত হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে। পরে ওষুধ, টিকা, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য মালামাল লুট করে ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

এ হামলার ঘটনার সঙ্গে মিষ্টির জড়িত থাকার বিষয়টি উঠে এলে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে পদত্যাগের বিষয়ে নির্দেশনা দেন। পরে তিনি সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে গিয়ে স্পিকার হাফিজ উদ্দীন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এরপর নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। আগামী ১২ নভেম্বর (বুধবার) এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।