ব্রাজিলের নেতৃত্ব পেলেন রাফিনিয়া, নেপথ্যে বিশেষ সিদ্ধান্ত
linknews
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৩:৩৮

শনিবার (১৪ নভেম্বর) সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। চলতি বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে জাপান ছাড়াও স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ব্রাজিল।
প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) হয়ে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পেশির চোট পান মারকিনিওস। সেই চোটের কারণে নভেম্বরের আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য ঘোষিত দলে জায়গা হয়নি নিয়মিত অধিনায়কের। ফলে নতুন করে নেতৃত্বের দায়িত্ব বণ্টন করতে হয়েছে আনচেলত্তিকে।
ব্রাজিলের সংবাদমাধ্যম 'গ্লোবো এসপোর্তে' জানিয়েছে, অধিনায়কত্বের জন্য ভিনিসিয়ুস জুনিয়র, ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল মাগালিয়েসের নামও বিবেচনায় ছিল। তবে আগের আন্তর্জাতিক বিরতিতে নির্ধারিত নেতৃত্বের ক্রম বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে কোচিং স্টাফ। সেই হিসেবেই দায়িত্ব পেয়েছেন রাফিনিয়া। তিনি মাঠে না থাকলে ব্রুনো গিমারায়েসের হাতে উঠতে পারে আর্মব্যান্ড।
শুধু অভিজ্ঞতা কিংবা বার্সেলোনায় নেতৃত্ব দেওয়ার কারণেই নয়, জাতীয় দলের প্রতি রাফিনিয়ার দায়বদ্ধতাও মুগ্ধ করেছে আনচেলত্তিকে। সম্প্রতি ব্রাজিলের হয়ে খেলার জন্য অস্ত্রোপচারের সময়সূচি এগিয়ে আনেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।
অক্টোবরের শুরুতে মাথায় আঘাত পাওয়ার পর তার বাঁ কানে সংক্রমণ ও ব্যথার সমস্যা দেখা দেয়। অস্ত্রোপচারের প্রয়োজন হলে বার্সেলোনা চেয়েছিল আন্তর্জাতিক বিরতির সময় সেটি করাতে। কিন্তু তাতে জাতীয় দলের দুটি ম্যাচে খেলা অনিশ্চিত হয়ে পড়ত। তাই ২৬ অক্টোবর, রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোর পরদিনই অস্ত্রোপচার করান রাফিনিয়া।
কয়েকটি অনুশীলন সেশন মিস করলেও দ্রুত মাঠে ফেরেন তিনি। কানে সুরক্ষামূলক ব্যান্ডেজ নিয়েই বার্সেলোনার হয়ে খেলেছেন। তার এমন সিদ্ধান্তকে জাতীয় দলের প্রতি আন্তরিকতার প্রমাণ হিসেবে দেখেছে ব্রাজিলের কোচিং স্টাফ।
এদিকে জাপানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে একাদশ নিয়েও কাজ শুরু করেছেন আনচেলত্তি। বুধবার সিঙ্গাপুরে অনুশীলনে রক্ষণভাগ ও আক্রমণভাগের সম্ভাব্য সমন্বয়ের ইঙ্গিত মিললেও মাঝমাঠ নিয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি ইতালিয়ান কোচ।
অনুশীলনের ভিত্তিতে গোলপোস্টের নিচে বেন্তোর খেলার সম্ভাবনা বেশি। রক্ষণে থাকতে পারেন ওয়েসলি, জাইর, গ্যাব্রিয়েল মাগালিয়েস ও দগলাস সান্তোস। আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র বাঁ প্রান্তে এবং এস্তেভাও ডান প্রান্তে খেলতে পারেন। রাফিনিয়াকে দেখা যেতে পারে মাঝখানে, কেন্দ্রীয় আক্রমণভাগের ভূমিকায়।
তবে মাঝমাঠের জায়গাগুলো নিয়ে প্রতিযোগিতা চলছে। মারলন গোমেস, গ্যাব্রিয়েল বোনতেম্পো, আন্দ্রে সান্তোস, জোয়াও গোমেস ও আন্দ্রে লুইজকে অনুশীলনে পরীক্ষা করেছেন আনচেলত্তি। পুরোপুরি ফিট থাকলে ব্রুনো গিমারায়েসের একাদশে থাকার সম্ভাবনা প্রবল। যদিও টানা তিন দিন তাকে অনুশীলনের চাপ থেকে কিছুটা দূরে রাখা হয়েছে।
জাপানের বিপক্ষে ম্যাচের পর আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচ দিয়েই ২০২৬ সালের আন্তর্জাতিক সূচি শেষ করবে আনচেলত্তির দল।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
সাফের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই: এক হাজার টাকার টিকিট এখন মাত্র ২০০ টাকা!
linknews · ২০ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ার মাটিতে রানের রেকর্ড গড়ে ইংল্যান্ডের দাপুটে জয়
linknews · ২০ ঘণ্টা আগে

সাফ সেমিফাইনাল: পাকিস্তানের বিপক্ষে একাদশে দুই পরিবর্তন আনল বাংলাদেশ
linknews · ১ দিন আগে

উরুগুয়ের কাছে হারের ধাক্কা: আর্জেন্টিনার দীর্ঘমেয়াদি দুই রেকর্ডের সমাপ্তি
linknews · ২ দিন আগে