সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ

linknews

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ | ১২:০৩

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ

জন্মদিন উপলক্ষে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন এবং দুই পুত্র নিনিত ও নিষাদ হুমায়ূনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হবে। এ সময় লেখকের শুভানুধ্যায়ী ও ভক্তরা উপস্থিত থাকবেন। লেখকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হবে। সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর কাটা হবে জন্মদিনের কেক।

প্রতিবারের মতো এবারও হুমায়ূন পরিবার, ভক্ত, কবি, লেখক ও নাট্যজনেরা ফুল হাতে নুহাশপল্লীর লিচুতলায় শ্রদ্ধা জানাবেন। নন্দিত লেখকের জনপ্রিয় চরিত্র ‘হিমু’র আদলে হলুদ পাঞ্জাবি এবং ‘রূপা’র সাজে নীল শাড়ি পরে আসবেন অনেক ভক্ত ও পাঠক। তারা লেখকের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান।

লেখক হুমায়ূন আহমেদের অনুরাগীরা জানান, বাংলা সাহিত্যে জনপ্রিয়তার নিরিখে আমাদের কালে এখন পর্যন্ত দ্বিতীয় কোনো হুমায়ূন আহমেদ তৈরি হননি। এখানেই তার সাহিত্যশক্তির ঐকান্তিকতা ও প্রগাঢ়তার সারবত্তা নিহিত। তরুণ প্রজন্মকে পাঠোন্মুখ করার সবচেয়ে বড় কৃতিত্ব হুমায়ূন আহমেদের। তার নির্মিত টেলিভিশন নাটক ও চলচ্চিত্র বাংলা শিল্প-সংস্কৃতির অনন্য সম্পদ।

এই লেখকের বৃক্ষপ্রেম সর্বজনবিদিত। নন্দনকানন নুহাশপল্লী, যেখানে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন সেখানকার বৃক্ষশোভা বিনির্মাণে প্রকৃতির সখা হিসেবেই যেন নিজেকে দাঁড় করিয়েছিলেন। মানবীয় সম্পর্ক, প্রেম, রহস্য ও জীবনবোধের রসায়ন জানতে এখনো হুমায়ূন-পাঠ ভীষণ প্রাসঙ্গিক। জন্মদিনে এই কথাসাহিত্যিকের পুণ্যস্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন পাঠক, লেখক, প্রকাশক ও শুভানুধ্যায়ীরা।

হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তার মাতামহের বাড়িতে। তার পৈতৃক বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। তার বাবা ফয়েজুর রহমান ও মা আয়েশা ফয়েজ। ২০১২ সালের ১৯ জুলাই মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান।

নুহাশপল্লীর ব্যবস্থাপক মো. মাসুদ পারভেজ বলেন, রাতে মোমবাতি প্রজ্বালন করা হয়েছে। প্রতিবারের মতোই অন্যান্য অনুষ্ঠানসূচি চলবে।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।