সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়ন ও সম্প্রীতির মাধ্যমে বৈষম্যহীন দেশ গড়বে তিন পার্বত্য জেলা: প্রতিমন্ত্রী

linknews

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ | ১৪:৫৭

উন্নয়ন ও সম্প্রীতির মাধ্যমে বৈষম্যহীন দেশ গড়বে তিন পার্বত্য জেলা: প্রতিমন্ত্রী

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাঙামাটির মারী স্টেডিয়ামে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিশেষ অলিম্পিকস বিভাগীয় ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের মাধ্যমে শান্তি, নিরাপত্তা এবং সম্প্রীতি প্রতিষ্ঠা আমাদের সরকারের মূলমন্ত্র। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ব। এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সম্প্রীতির অঞ্চল হিসেবে তিন পার্বত্য জেলা সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ বলেন, দেশের বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের স্বপ্ন পূরণের পথে কোনো শারীরিক প্রতিবন্ধকতাই বাধা হতে পারে না। তাদের এই অভিযাত্রায় সব ধরনের সহযোগিতা করা সবার নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকেন্দার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ এবং স্পেশাল অলিম্পিকস সাব-চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সুবর্ণ চাকমা।

আয়োজকেরা জানান, বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতা থেকে বিজয়ীদের বাছাই করে জাতীয় দল গঠন করা হবে। পরে ঢাকায় তাদের অধিকতর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে চূড়ান্ত দল নির্বাচন করা হবে। এই দল ২০২৭ সালে চিলিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

প্রতিযোগিতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৮৫ জন অ্যাথলেট অ্যাথলেটিকসসহ ১০টি ইভেন্টে অংশ নেন।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।