ইউরোপে কমলেও যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ৭ শতাংশ
linknews
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ | ২০:১৫

তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে বাংলাদেশ যুক্তরাজ্যে ১ হাজার ৬৪০ দশমিক ০৮ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ১ হাজার ৫৩৩ দশমিক ৯১ মিলিয়ন ডলার। অর্থাৎ চার মাসে রপ্তানি বেড়েছে ১০৬ দশমিক ১৭ মিলিয়ন ডলার।
জুলাই মাসে রপ্তানি ২ দশমিক ৪৪ শতাংশ কমলেও আগস্টে ১০ দশমিক ৫৩ শতাংশ, সেপ্টেম্বরে ১১ দশমিক ৭১ শতাংশ এবং অক্টোবরে ১০ দশমিক ৭২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এই চার মাসে যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানি থেকে গড়ে প্রতি মাসে আয় হয়েছে ৪১০ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে মাসিক গড় আয় ছিল ৩৮৩ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের প্রথম চার মাসেই যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগের অর্থবছরের মোট ৪ দশমিক ৩৯ বিলিয়ন ডলারের ৩৭ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাংলাদেশ অ্যাপারেল ভয়েস (বিএভি) এ তথ্য প্রকাশ করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই-অক্টোবর সময়ে তৈরি পোশাক রপ্তানির হিসাবে যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য ছিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একক দেশের বাজার। এ ক্ষেত্রে স্পেন ও জার্মানির চেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমের (ডিসিটিএস) আওতায় বাংলাদেশ সেখানে সম্পূর্ণ শুল্কমুক্ত বাজারসুবিধা পাচ্ছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর যুক্তরাজ্যের নির্ধারিত অন্তর্বর্তীকালীন সময় শেষ হলে বাংলাদেশ এনহ্যান্সড প্রেফারেন্সেস বা বর্ধিত অগ্রাধিকারমূলক সুবিধার আওতায় যাবে। এ ব্যবস্থায় আমদানি করা কাপড় দিয়ে তৈরি পোশাকও সিঙ্গেল-স্টেজ ট্রান্সফরমেশন বা এক ধাপের উৎপাদন প্রক্রিয়ার শর্তে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাবে।
এর ফলে যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি থাকা প্রতিযোগী দেশগুলোর সঙ্গে ব্যবধান কমে আসার আগেই বাংলাদেশের রপ্তানিকারকেরা উচ্চমূল্যের এবং ম্যান-মেড ফাইবার বা কৃত্রিম তন্তুর পোশাক উৎপাদনে সক্ষমতা বাড়ানোর সময় পাবেন।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা বলেছেন, যুদ্ধের কারণে যুক্তরাজ্যের অর্থনীতি বড় ধরনের প্রভাবের মুখে পড়েনি। পাশাপাশি আসন্ন শীত মৌসুমও যুক্তরাজ্যে তৈরি পোশাক আমদানি বৃদ্ধির অন্যতম কারণ।
এ বিষয়ে বিজিএমইএর সাবেক পরিচালক এবং বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল এশিয়া পোস্টকে বলেন, জ্বালানি সংকট বা যুদ্ধের প্রভাবে যুক্তরাজ্য বড় ধরনের ক্ষতির মুখে পড়েনি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পোশাক আমদানিকারক দেশ।
এই ব্যবসায়ী নেতা বলেন, বড় এই বাজারটি বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে তৈরি পোশাক আমদানি অব্যাহত রেখেছে। তাই আমাদের এটিকে একটি সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে।
এদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক সংকট, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং জ্বালানি সংকটের কারণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তৈরি পোশাক আমদানি কমিয়ে দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ইউরোপীয় ইউনিয়নের তৈরি পোশাক আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪৬ শতাংশ কমে ৭০ দশমিক ৭২ বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। এ সময়ে আমদানির পরিমাণ বা ভলিউম ১ দশমিক ৬৯ শতাংশ কমে ৩ হাজার ৬১০ দশমিক ৯৯ মিলিয়ন কেজিতে নেমেছে। একই সঙ্গে প্রতি কেজি পোশাকের গড় আমদানি মূল্য ০ দশমিক ৭৮ শতাংশ কমে ১৯ দশমিক ৫৯ ইউরো হয়েছে।
সূত্র জানায়, বছরজুড়ে ইইউর পোশাক আমদানি কমার হার ধীরে ধীরে সংকুচিত হয়েছে। জানুয়ারিতে আমদানি কমেছিল ১৫ দশমিক ০৪ শতাংশ। জানুয়ারি-এপ্রিল সময়ে এই পতনের হার ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। পরবর্তী মে-আগস্ট সময়ে আমদানি ৩ দশমিক ৫৪ শতাংশ বেড়েছিল।
তবে সেপ্টেম্বরে এ প্রবণতার পরিবর্তন ঘটে। ওই মাসে ইইউর পোশাক আমদানি ২ দশমিক ৭২ শতাংশ কমে যায়। অবশ্য এর বিপরীতে আগের বছরের উচ্চ ভিত্তি প্রভাবও ছিল। কারণ, ২০২৫ সালের সেপ্টেম্বরে ইইউর সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি পোশাক আমদানি হয়েছিল।
ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের (ইইউ-২৭, এইচএস ৬১ ও ৬২) তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েস (বিএভি) এ হিসাব সংকলন করেছে।
এ ছাড়া ইউরোপীয় কমিশন এবং ২০২৬ সালের ২১ মে প্রকাশিত স্প্রিং ২০২৬ ইকোনমিক ফোরকাস্টেও বাজারের প্রবণতা তুলে ধরা হয়েছে।
এ সময়ে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১১ দশমিক ৯১ শতাংশ কমে ১৩ দশমিক ৪৮ বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। ইইউর শীর্ষ ১১ সরবরাহকারী দেশের মধ্যে বাংলাদেশের রপ্তানি কমার হার ছিল সবচেয়ে বেশি।
এ সময়ে বাংলাদেশ ১ দশমিক ৮২ বিলিয়ন ইউরোর রপ্তানি আয় হারিয়েছে, যা পুরো ইউরোপীয় ইউনিয়নের বাজারে আমদানি কমে যাওয়ার পরিমাণ ১ দশমিক ৭৮ বিলিয়ন ইউরোর চেয়েও বেশি।
জানুয়ারি-এপ্রিল সময়ে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি ২০ দশমিক ৮৯ শতাংশ কমেছিল। মে-আগস্ট সময়ে পতনের হার কমে ১ দশমিক ২৫ শতাংশে দাঁড়ায়। তবে সেপ্টেম্বরে আবার ৯ দশমিক ৪৯ শতাংশ কমে যায়। এ পতনের হার ইইউর সামগ্রিক বাজারের পতনের তুলনায় তিন গুণেরও বেশি। ওই মাসে ইইউর বাজারে মোট আমদানি কমার প্রায় ৬৯ শতাংশই ছিল বাংলাদেশের রপ্তানি হ্রাসের কারণে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ বা ভলিউম ৫ দশমিক ৭৪ শতাংশ কমেছে। একই সঙ্গে প্রতি কেজি পোশাকের গড় রপ্তানি মূল্য ৬ দশমিক ৫৪ শতাংশ কমে ১৩ দশমিক ৭০ ইউরোতে দাঁড়িয়েছে। এই মূল্য ইইউর গড় আমদানি মূল্যের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম।
বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশের রপ্তানি আয় কমার অর্ধেকের কিছু বেশি এসেছে পণ্যের গড় মূল্য কমে যাওয়ার কারণে। ফলে ইইউর মোট পোশাক আমদানিতে বাংলাদেশের অংশীদারত্ব ২১ দশমিক ১০ শতাংশ থেকে কমে ১৯ দশমিক ০৬ শতাংশে নেমেছে।
অন্যদিকে প্রধান সরবরাহকারী দেশগুলোর মধ্যে চীনই একমাত্র দেশ, যার রপ্তানির মূল্য ও পরিমাণ-উভয়ই বেড়েছে। দেশটির রপ্তানি ৪ দশমিক ৪৬ শতাংশ বেড়ে ২৪ দশমিক ২৫ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে। ফলে ইইউর পোশাক আমদানিতে চীনের অংশীদারত্ব ৩২ দশমিক ০২ শতাংশ থেকে বেড়ে ৩৪ দশমিক ২৯ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে সামগ্রিক বাজারে আমদানি কমলেও চীনের রপ্তানি ২ দশমিক ২১ শতাংশ বেড়েছে।
ভিয়েতনামের রপ্তানির পরিমাণ ৩ দশমিক ৫৫ শতাংশ কমলেও রপ্তানির মূল্য ৪ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। দেশটির পোশাকের গড় একক মূল্য ৮ দশমিক ১৮ শতাংশ বেড়ে যাওয়ায় এ প্রবৃদ্ধি হয়েছে।
একইভাবে কম্বোডিয়া তাদের পোশাকের গড় একক মূল্য ৮ দশমিক ৪২ শতাংশ বাড়িয়েছে।
অন্যদিকে পাকিস্তানের রপ্তানির পরিমাণ ১ দশমিক ২২ শতাংশ বাড়লেও গড় একক মূল্য ১১ দশমিক ৩৭ শতাংশ কমে প্রতি কেজি ১০ দশমিক ৯০ ইউরোতে দাঁড়িয়েছে, যা প্রধান সরবরাহকারী দেশগুলোর মধ্যে সর্বনিম্ন।
এ ছাড়া ভারত, পাকিস্তান, তুরস্ক, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার ইইউতে তৈরি পোশাক রপ্তানির মূল্য ৮ দশমিক ৮ থেকে ১০ দশমিক ৭ শতাংশ পর্যন্ত কমেছে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২২ নভেম্বর পর্যন্ত
linknews · ৫৫ মিনিট আগে

রপ্তানি নথিতে কারসাজি, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
linknews · ১ ঘণ্টা আগে

করপোরেট নির্ভরতা কমিয়ে ক্ষুদ্র ও ব্যক্তি পর্যায়ে ঋণ বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক
linknews · ১ দিন আগে

টানা পাঁচ দফা কমলো স্বর্ণের দাম, ভরিতে কত
linknews · ২ দিন আগে