
নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে। সেই লুকাকুই এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন। ৩৩ বছর বয়সে জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন বেলজিয়ান এই স্ট্রাইকার। বিদায়বেলায় রেখে গেলেন ১৩৫ ম্যাচে ৯৪ গোলের অবিস্মরণীয় রেকর্ড।
সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় অবসরের সিদ্ধান্ত জানান লুকাকু। বর্তমানে তুরস্কের ফেনেরবাহচেতে খেলা এই ফরোয়ার্ড জানিয়েছেন, জাতীয় দলের হয়ে দীর্ঘ পথচলার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন তিনি। নিজের সিদ্ধান্ত নিয়েও কোনো আক্ষেপ নেই তার।
অবসরবার্তায় লুকাকু লেখেন, ‘এই ১৬ বছর জাতীয় দলের জন্য নিজের সবটুকু দিয়েছি। সম্ভাব্য সব ধরনের আবেগের মধ্য দিয়ে গিয়েছি। অসাধারণ কিছু সতীর্থের সঙ্গে খেলতে পেরেছি, যাদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব। তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
শুধু সতীর্থ নন, দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে যেসব কোচের অধীনে খেলেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন লুকাকু। লিখেছেন, ‘সব কোচকেও ধন্যবাদ জানাতে চাই। তারা আমাকে আরও ভালো করতে উৎসাহ দিয়েছেন এবং দলের জন্য অবদান রাখতে আমার ওপর আস্থা রেখেছেন। যাত্রাটা দারুণ ছিল, প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’
বেলজিয়ামের বড় এক জয়ের পরদিনই এলো লুকাকুর অবসরের ঘোষণা। রোববার (১৫ নভেম্বর) উয়েফা নেশন্স লিগে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বেলজিয়াম। চোট কাটিয়ে দলে ফিরলেও ম্যাচটির পুরো সময় বেঞ্চে বসে ছিলেন লুকাকু। মাঠে নামার সুযোগ হয়নি তার।
এর আগে নিতম্বের চোটের কারণে তুরস্কের বিপক্ষে ম্যাচেও খেলতে পারেননি এই স্ট্রাইকার। ফলে জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ হয়ে থাকল গত ৫ অক্টোবর ফ্রান্সের বিপক্ষে নেশন্স লিগের লড়াই। সেই ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন তিনি। যদিও ফ্রান্সের কাছে ৪-১ গোলে হেরেছিল বেলজিয়াম।
তবে সাম্প্রতিক সময়ে দলে তার খেলার সুযোগ কমে যাওয়ার সঙ্গে অবসরের সিদ্ধান্তের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট করেননি লুকাকু। নিজের বিদায়বার্তায় শুধু জানিয়েছেন, সিদ্ধান্তটি নিয়ে তিনি সন্তুষ্ট।
২০১০ সালের ৩ মার্চ মাত্র ১৬ বছর বয়সে বেলজিয়ামের জাতীয় দলে অভিষেক হয়েছিল লুকাকুর। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই প্রীতি ম্যাচে ১-০ গোলে হেরেছিল বেলজিয়াম। তবে পরবর্তী দেড় দশকে জাতীয় দলের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে ওঠেন তিনি।
বেলজিয়ামের হয়ে চারটি বিশ্বকাপ খেলেছেন লুকাকু। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপ দিয়ে শুরু, এরপর ২০১৮ সালে রাশিয়া, ২০২২ সালে কাতার এবং সর্বশেষ ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন। এ ছাড়া ২০১৬, ২০২০ ও ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও খেলেছেন তিনি।
লুকাকুর আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায় ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ। সেবার রবার্তো মার্তিনেজের অধীনে দুর্দান্ত ফুটবল খেলেছিল বেলজিয়াম। লুকাকু, ডি ব্রুইনা, হ্যাজার্ড ও কোর্তোয়াদের নিয়ে গড়া দলটি বিশ্বকাপে তৃতীয় হয়েছিল। এটিই এখন পর্যন্ত বিশ্বকাপে বেলজিয়ামের সেরা সাফল্য।
সেই আসরে চার গোল করেছিলেন লুকাকু। বিশেষ করে গ্রুপ পর্বে পানামা ও তিউনিসিয়ার বিপক্ষে জোড়া গোল করে আলোচনায় এসেছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে ওঠা বেলজিয়াম শেষ পর্যন্ত ফ্রান্সের কাছে হেরে যায়। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে হারায় তারা।
এরপর ২০২২ সালের কাতার বিশ্বকাপে অবশ্য হতাশ হতে হয়েছিল লুকাকুকে। চোট ও ফর্মের সমস্যায় ভুগে সেবার প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বেলজিয়াম।
তবে চলতি বছরের বিশ্বকাপে আবারও শেষ আটে ওঠে বেলজিয়াম। নকআউট পর্বে সেনেগাল ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তারা। শেষ আটে স্পেনের কাছে ২-১ গোলে হেরে শেষ হয় লুকাকুর চতুর্থ এবং শেষ বিশ্বকাপ অভিযান।
বিশ্বকাপ কিংবা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত অর্জনের দিক থেকে বেলজিয়ামের ইতিহাসে অনন্য উচ্চতায় পৌঁছেছেন লুকাকু। দেশের হয়ে ১৩৫ ম্যাচে তাঁর ৯৪ গোল এখনো জাতীয় দলের রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার চেয়ে ৫৩ গোল বেশি করেছেন তিনি।
পুরুষদের আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসেও সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন লুকাকু। তার ওপরে আছেন শুধু পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো, আর্জেন্টিনার লিওনেল মেসি, ইরানের আলী দাইয়ি ও ভারতের সুনীল ছেত্রী।
শুধু গোল নয়, বেলজিয়ামের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলারদের তালিকাতেও তৃতীয় স্থানে লুকাকু। তাঁর চেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কেবল ইয়ান ভার্তোঙ্গেন ও অ্যাক্সেল উইটসেল।
বিদায়বার্তায় বেলজিয়ামের সমর্থকদেরও বিশেষভাবে স্মরণ করেছেন লুকাকু। তিনি লেখেন, ‘বেলজিয়ামের সমর্থকদের ধন্যবাদ, আমাদের দলকে সব সময় সমর্থন দেওয়ার জন্য। চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোতে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। সেই মুহূর্তগুলো কখনোই ভুলব না।’
আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়ে লুকাকু আরও লেখেন, ‘এই মুহূর্তে থেমে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি শান্তিতে আছি। অভিজ্ঞতাটা অসাধারণ ছিল। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। আমি কৃতজ্ঞ। ধন্যবাদ।’
জাতীয় দলের জার্সি তুলে রাখলেও এখনই পেশাদার ফুটবল ছাড়ছেন না লুকাকু। গত গ্রীষ্মে ইতালির নাপোলি ছেড়ে তুরস্কের ফেনেরবাহচেতে যোগ দেওয়া এই স্ট্রাইকার ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
সাফের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই: এক হাজার টাকার টিকিট এখন মাত্র ২০০ টাকা!
linknews · ২৩ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ার মাটিতে রানের রেকর্ড গড়ে ইংল্যান্ডের দাপুটে জয়
linknews · ১ দিন আগে

সাফ সেমিফাইনাল: পাকিস্তানের বিপক্ষে একাদশে দুই পরিবর্তন আনল বাংলাদেশ
linknews · ১ দিন আগে

উরুগুয়ের কাছে হারের ধাক্কা: আর্জেন্টিনার দীর্ঘমেয়াদি দুই রেকর্ডের সমাপ্তি
linknews · ২ দিন আগে