যুব এশিয়া কাপ: মালয়েশিয়াকে ২০৫ রানে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
linknews
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ | ২১:১২

২০৫ রানের বিশাল জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের যুবারা। একই সঙ্গে যুব ওয়ানডেতে নিজেদের সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়েছে বাংলাদেশ।
সোমবার (৯ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রান তোলে বাংলাদেশ। জবাবে তামিমের বোলিং তোপে মাত্র ৩০.৫ ওভারে ৯৮ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৪১ রানে তিন উইকেট হারানোর পর ১৪৪ রানে পড়ে যায় ষষ্ঠ উইকেট। তবে এক প্রান্ত আগলে রেখে দলের বিপর্যয় সামাল দেন মুমিন। সপ্তম উইকেটে রবিউল হাসান অনিকের সঙ্গে গড়েন ৭৯ রানের জুটি। অনিক ৪৮ বলে ৪৫ রান করে ফিরলেও থামেননি মুমিন।
শেষ দিকে আলআমিন হোসেনকে সঙ্গে নিয়ে নবম উইকেটে আরও ৭৯ রান যোগ করেন তিনি। ১৩৩ বলে ১০ চার ও ৬ ছক্কায় অপরাজিত ১৫২ রান করেন মুমিন। যুব ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও এখন তার। আগের রেকর্ডটি ছিল পিনাক ঘোষের ১৫০ রান।
৩০৪ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বিপর্যয়ে পড়ে মালয়েশিয়া। প্রথম ১০ ওভারের মধ্যেই পাঁচ উইকেট হারায় তারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। পাঁচ ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি।
বাংলাদেশের হয়ে মাত্র ১৮ রান খরচায় সাত উইকেট নেন তাফিউল আলম তামিম। যুব ওয়ানডেতে বাংলাদেশের কোনো বোলারের এটিই প্রথম সাত উইকেট নেওয়ার কীর্তি। আগের সেরা ছিল ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সঞ্জিত সাহার ১৯ রানে ছয় উইকেট। রুবাই ইসলাম রিজন নেন দুটি উইকেট। মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন নাগিনেশ্বরন সাথনাকুমারান।
এর আগে আফগানিস্তানের কাছে ১১৩ রানে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা। এবার মালয়েশিয়াকে হারিয়ে তিন ম্যাচে দুই জয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে জায়গা করে নিল বাংলাদেশের যুবারা।
আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) সেমিফাইনালে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ হবে ভারত অথবা পাকিস্তান, যা চূড়ান্ত হবে মঙ্গলবার।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
সাফের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই: এক হাজার টাকার টিকিট এখন মাত্র ২০০ টাকা!
linknews · ২০ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ার মাটিতে রানের রেকর্ড গড়ে ইংল্যান্ডের দাপুটে জয়
linknews · ২০ ঘণ্টা আগে

সাফ সেমিফাইনাল: পাকিস্তানের বিপক্ষে একাদশে দুই পরিবর্তন আনল বাংলাদেশ
linknews · ১ দিন আগে

উরুগুয়ের কাছে হারের ধাক্কা: আর্জেন্টিনার দীর্ঘমেয়াদি দুই রেকর্ডের সমাপ্তি
linknews · ২ দিন আগে