মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ | ২০:৪৯

রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে স্বামীর রিমান্ড শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব দাবি করেন মাছুমা আক্তার। একই সঙ্গে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
মাছুমা আক্তার বলেন, ‘আমার স্বামী কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পুরো বিষয়টি আমাদের কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে। আপনারা তদন্ত করে দেখুন, আসলে কী ঘটনা ঘটেছে। তার মোবাইল ফোন হ্যাক করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা দরকার।’
তিনি দাবি করেন, গত ৮ নভেম্বর তার স্বামীর মোবাইল ফোন হ্যাক হয়েছিল। এ বিষয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি তিনি।
স্বামীর রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে মাছুমা আক্তার বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাবার নির্দেশে আওয়ামী লীগে যোগ দেওয়ার যে কথা বলা হচ্ছে, তার স্বামী এমন কিছু বলেননি। জাহাঙ্গীরের শিক্ষাজীবন ও কর্মজীবনের তথ্য যাচাই করে দেখার আহ্বান জানান তিনি।
মাছুমা আক্তারের ভাষ্য, তার স্বামী একজন কৃষকের সন্তান। বাবার আয়ে ১২ জনের সংসার চলত। এমন পরিবার থেকে উঠে আসা জাহাঙ্গীর আওয়ামী লীগ সরকারের আমলেও কোনো বিশেষ সুবিধা পাননি। বর্তমানে তার উপার্জনের ওপরই পুরো পরিবার নির্ভরশীল।
এর আগে, রোববার (১৫ নভেম্বর) বিকেলে এসপি জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের চতুর্থ আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক মোহাম্মদ মোস্তফা তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশি তথ্য সরবরাহের অভিযোগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়। গত শনিবার (১৪ নভেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পাঁচলাইশ থানায় মামলাটি করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাশেম চৌধুরী। ওই রাতেই নগরের পাঁচলাইশ থানার পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত ১০ নভেম্বর প্রাথমিক অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছিল।
২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার চাঁদপাশা গ্রামে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ১৯ ঘণ্টা আগে

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
linknews · ২০ ঘণ্টা আগে