সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারকের ছেলে তাওসিফ হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

linknews

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৫:০২

বিচারকের ছেলে তাওসিফ হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হওয়ার একদিন আগেই বহুল আলোচিত এ মামলার রায় হলো। দণ্ডপ্রাপ্ত লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ নভেম্বর রাজশাহী নগরীর তেরখাদিয়া ডাবতলা এলাকার স্পার্ক ভিউ আবাসিক ভবনের পঞ্চম তলার একটি ভাড়া বাসায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই বাসায় বসবাস করতেন তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমান। ঘটনার দিন বিকেল সাড়ে ৩টার দিকে বাসায় প্রবেশ করে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি ও ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান সুমনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান লিমন মিয়া। মাকে রক্ষা করতে এগিয়ে এলে তাওসিফকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত হন তার মা। ধস্তাধস্তিতে আহত হন হামলাকারী লিমনও। পরে পুলিশ তাকে আটক করে।

পরদিন ১৪ নভেম্বর বিচারক মোহাম্মদ আবদুর রহমান বাদী হয়ে রাজশাহীর রাজপাড়া থানায় লিমন মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়। পরবর্তী সময়ে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ শেষে ২০২৫ সালের ২৫ নভেম্বর রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মামুনুর রশিদের কাছে সাত পৃষ্ঠার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন লিমন। সেখানে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন বলে সে সময় পুলিশ জানিয়েছিল।

তদন্তে উঠে আসে, বিচারকের পরিবারের সঙ্গে লিমনের আগে থেকেই পরিচয় ছিল। বিভিন্ন সময়ে তিনি ওই পরিবারের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিতেন। একপর্যায়ে আর্থিক সহযোগিতা বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে বিচারকের স্ত্রী সিলেটের জালালাবাদ থানায় লিমনের বিরুদ্ধে সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন। ঘটনার আগে পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগও তদন্তে উঠে আসে।

পুলিশের তদন্ত অনুযায়ী, ঘটনার দিন পরিবারের সঙ্গে কথা বলার কথা বলে পরিচয় গোপন করে বাসায় প্রবেশ করেন লিমন। একপর্যায়ে কথাকাটাকাটির মধ্যে বিচারকের স্ত্রী পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করলে তার ওপর হামলা চালানো হয়। মাকে বাঁচাতে এগিয়ে এলে তাওসিফকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন লিমন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে ময়নাতদন্তে উল্লেখ করা হয়।

মামলার বিচারিক কার্যক্রমে বাদী ও তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানসহ মোট ২৮ জন সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি আলী আশরাফ মাসুম বলেন, এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আদালত পর্যবেক্ষণে এ ঘটনাকে আইন ও বিচার বিভাগের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুন অর রশিদ জানান, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

এদিকে হত্যাকাণ্ডের পর পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসামি লিমনকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এ ঘটনায় রাজশাহী মহানগর পুলিশের কমিশনারকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তও করা হয়েছিল।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।