সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

linknews

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ | ১৫:০৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে নির্বাচনি এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সরকারি নির্দেশনা, নির্বাচন কমিশনের নির্দেশনা এবং প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

সোমবার (২৬ অক্টোবর) সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঠাকুরগাঁও সেক্টরের অধীন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) নির্বাচনি এলাকার দায়িত্বপূর্ণ তিনটি উপজেলায় ২২টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে। দায়িত্বপ্রাপ্ত এলাকায় বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছেন।

এ ছাড়া নির্বাচনি নিরাপত্তায় বিজিবির কে-৯ ডগ ইউনিটও দায়িত্ব পালন করছে। নির্বাচনি এলাকায় নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার এবং ড্রোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভোটাররা যাতে নিরাপদে, নির্বিঘ্নে ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। একই সঙ্গে সব প্রার্থী যাতে সমান সুযোগ পান এবং নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণা চালাতে পারেন, সে বিষয়েও সতর্ক রয়েছে বাহিনীটি।

নির্বাচনকালে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। চোরাচালান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, নির্বাচনি এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বাহিনীটি প্রস্তুত রয়েছে। প্রচলিত আইন ও বিধিবিধান এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে সম্পূর্ণ নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।