সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটের কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের

linknews

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ২৩:১৪

জয়পুরহাটের কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই পৌরসভার সড়াইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন— কালাই উপজেলার আপলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৫৭) এবং একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫৫)। এ দুর্ঘটনায় মারাত্মক আহত সোহরাব হোসেন (৫২) আপলাপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় জয়পুরহাটগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নুরনবীর মৃত্যু হয়।

​দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত দুজনকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে বগুড়া নিয়ে যাওয়ার পথেই পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত এনামুল হকের মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ওসি (তদন্ত) মো. ইমায়েদুল জাহেদী জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল, যার মধ্যে পথে আরও একজনের মৃত্যু হয়। ঘাতক ট্রাক ও চালক-হেলপারকে শনাক্ত করার চেষ্টা চলছে।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।