সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, নাশকতা রুখতে কঠোর প্রশাসন

linknews

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ | ১৯:৪০

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, নাশকতা রুখতে কঠোর প্রশাসন

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কাজ করছে। গোপালগঞ্জে বিজিবির পাশাপাশি পুলিশ, এপিবিএন, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রোববার জেলা প্রশাসকের কার্যালয় কমপ্লেক্স ঘেরাও করে নাশকতামূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। সাধারণ মানুষের জানমাল ও সরকারি সম্পত্তির ক্ষতি হয়, এমন কোনো নাশকতামূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।

এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানান, জেলার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, এপিবিএন ও আরআরএফের ১ হাজার ৩৫০ জন সদস্য নিয়োজিত রয়েছেন। গোপালগঞ্জের ৬৭ কিলোমিটার জাতীয় মহাসড়কে পর্যাপ্ত মোবাইল পেট্রোলিং থাকায় এক মিনিটের জন্যও যান চলাচল বন্ধ হয়নি।

তিনি আরও জানান, জেলা সদর ও অন্যান্য উপজেলা শহরে জনসাধারণের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।