
সোমবার (৯ নভেম্বর) বিকেল থেকে চাঁদা দাবির প্রতিবাদ ও নিরাপত্তাহীনতার আশঙ্কায় রূপসা ট্রাফিক মোড় এলাকার আরও ১০ থেকে ১২টি ওষুধের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতে জরুরি ওষুধ কিনতে এসে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনেরা।
অভিযোগ উঠেছে, একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা মল্লিক ব্রাদার্স ফার্মেসির কাছে চাঁদা দাবি করেছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়েছে।
মল্লিক ব্রাদার্সের মালিকের ছোট ভাই মোস্তফা আলী বলেন, রোববার দুটি মোটরসাইকেলে করে পাঁচ-ছয়জন ব্যক্তি তাদের দোকানে আসেন। এ সময় তারা এলোপাতাড়ি কথা বলতে শুরু করেন। একপর্যায়ে বলেন, ‘আপনাদের কাছে আগে ভাই টাকা চেয়েছে, আপনারা দেননি। টাকা না দিলে আপনাদের তুলে নিয়ে যাওয়া হবে।’
এদিকে সোমবার বিকেল থেকে রূপসা ট্রাফিক মোড়সংলগ্ন ১০ থেকে ১২টি ওষুধের দোকান বন্ধ রয়েছে। এক দোকানমালিক জানান, বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) সিদ্ধান্তে তারা দোকান বন্ধ রেখেছেন। তবে সমিতির খুলনা জেলা শাখা জানিয়েছে, দোকান বন্ধ রাখার বিষয়ে তাদের কোনো সিদ্ধান্ত নেই। অন্যদিকে নগরীর আহসান আহমেদ রোডের ওষুধের দোকানগুলো খোলা রয়েছে।
বিসিডিএসের খুলনা জেলা শাখার আহ্বায়ক খান মাহাতাব আহমেদ বলেন, রূপসা ট্রাফিক মোড়ের কয়েকটি ওষুধের দোকান বন্ধ থাকার বিষয়টি তারা জেনেছেন। তবে সমিতির পক্ষ থেকে দোকান বন্ধ রাখার কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।
তিনি আরও বলেন, নগরীতে যেভাবে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, তাতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, রোববার রাতে বিষয়টি জানার পর স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সোমবার সকালে ফাঁড়ির ইনচার্জ সেখানে যান।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী আশিক বাহিনীর সদস্যরা ফার্মেসিটিতে চাঁদা দাবি করেছে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না। ফলে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে