সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় অস্ত্রসহ শীর্ষ মাদক কারবারি মুন্নাসহ গ্রেপ্তার ৪

linknews

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৯:০৫

উখিয়ায় অস্ত্রসহ শীর্ষ মাদক কারবারি মুন্নাসহ গ্রেপ্তার ৪

বুধবার (১১ নভেম্বর) রাত ৩টার দিকে পালংখালী ইউনিয়নের বটতলী ও আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেলের অংশ, ৪১ রাউন্ড তাজা কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এসআরবি-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) আ ম ফারুক।

গ্রেপ্তাররা হলেন পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুস সালামের তিন ছেলে সাখাওয়াত হোসেন ওরফে মুন্না (২৭), আরফাত হোসাইন ওরফে জিসান (২২) ও আবু তাহের (৩৫) এবং একই এলাকার সৈয়দ নুরের ছেলে মিজানুর রহমান ওরফে মিজান (৩৭)। তাদের মধ্যে মুন্না তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি।

এসআরবির সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গত ১১ নভেম্বর বিকেল পৌনে ৩টার দিকে পালংখালীর বটতলী বাজার এলাকায় স্থানীয় বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজনকে দেশীয় অস্ত্র নিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ঘটনার পর অবৈধ অস্ত্র উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করেন এসআরবির সদস্যরা।

তিনি বলেন, ঘটনার ছবি ও ভিডিও বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ৩টার দিকে এসআরবি-১৫-এর সিপিসি-২-এর সদস্যরা বটতলী ও আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় পালানোর চেষ্টা করলে সীমান্তবর্তী ধানখেত ও জলাশয় থেকে মুন্না, জিসান ও আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে বিজিবির একটি দলের সঙ্গে যৌথ অভিযানে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, গোলাগুলির ঘটনায় বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) এস এম গোলাম কিবরিয়া বাদী হয়ে অস্ত্র আইনে একটি এবং দ্রুত বিচার আইনে আরেকটি মামলা করেছেন। গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবারের গোলাগুলির ঘটনায় পালংখালী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।