সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ আকবরের গাড়িতে টার্গেট করে গুলি করা হয়েছে, দাবি স্ত্রীর

linknews

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ | ১৪:৫৬

আসিফ আকবরের গাড়িতে টার্গেট করে গুলি করা হয়েছে, দাবি স্ত্রীর

এ ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। তবে গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু তাকে টার্গেট করে গুলি করা হয়েছে বলে দাবি করেন তার স্ত্রী বেগম সালমা আসিফ।

স্বামীর নিরাপদে থাকার খবরে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করে এ দাবি করেন তিনি।

পোস্টে সালমা আসিফ লেখেন, ‘ভোর ৫ টার দিকে মগবাজার বিশাল সেন্টার এলাকায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে টার্গেট করে গুলি করা হয়েছে। সে সময় উনি গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। এখন উনি নিরাপদ আছেন।’

সংক্ষিপ্ত এই পোস্টের মাধ্যমে স্বামীর নিরাপত্তা নিয়ে স্বস্তি ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আল্লাহ হেফাজতের মালিক।'

পুলিশের তথ্য অনুযায়ী, গুলির ঘটনার সময় আসিফ আকবর গাড়ির ভেতরে ছিলেন না। ফলে তিনি কোনো শারীরিক ক্ষতির শিকার হননি। তবে কে বা কারা তার গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল কি না, সেটিও স্পষ্ট নয়।

এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গুলির ঘটনার পর পুলিশ এ বিষয়ে কাজ করছে। এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। নেপথ্য কারণ উদঘাটনসহ জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। ২০২৫ সালের ১ অক্টোবর বিসিবির পরিচালক হিসেবে তিনি দায়িত্ব নেন। চট্টগ্রাম বিভাগ থেকে কাউন্সিলর হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হন তিনি।

চলতি বছরের ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় গেম ডেভেলমেন্টের দায়িত্ব পান। বর্তমানে আসিফ আকবর বিসিবির সব ধরনের পদ থেকে অবসর নিয়েছেন।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।