সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনজীর আহমেদ আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

linknews

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ | ২২:০৭

বেনজীর আহমেদ আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার (১০ নভেম্বর) কার্যপ্রণালী বিধির ১৪৭-এর অধীনে গৃহীত প্রস্তাবের প্রেক্ষিতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করার বিষয়ে সংসদে প্রস্তাব গ্রহণ করা হয়। ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক তথ্য এবং সরকারের নেওয়া কার্যক্রম সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে অবহিত করেন।

ইন্টারপোলের রেড নোটিশ বা বিদেশে গ্রেপ্তারই প্রত্যর্পণের চূড়ান্ত ধাপ নয়; সংযুক্ত আরব আমিরাতের কাছে নির্ধারিত সময়ের আগেই অনুরোধ পাঠানো হয়েছে বলে সংসদে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া সহজ নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা বিদেশে অভিযুক্ত ব্যক্তির গ্রেপ্তার হওয়ার মধ্য দিয়ে প্রত্যর্পণপ্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় না। এ জন্য সংশ্লিষ্ট দেশের আইন, আদালতের সিদ্ধান্ত এবং কূটনৈতিক বাধ্যবাধকতা অনুসরণ করে দীর্ঘ ও জটিল বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া অতিক্রম করতে হয়।

বেনজীর আহমেদের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে আইনের শাসন, ন্যায়বিচার এবং যথাযথ আন্তর্জাতিক ও কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে।

সালাহউদ্দিন বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে বাংলাদেশের উপযুক্ত আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার অনুরোধ এবং প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র যাচাইক্রমে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গত বছরের ১১ এপ্রিল রেড নোটিশ জারি করা হয়। গত ১২ জুন এনসিবি আবুধাবি আনুষ্ঠানিকভাবে এনসিবি ঢাকাকে জানায়, বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানোর জন্য বাংলাদেশকে অনুরোধ জানালে বাংলাদেশ মাত্র চার দিনের মধ্যে আনুষ্ঠানিক একস্ট্রাডিশন রিকোয়েস্ট পাঠায়। পরে দেশটির চাহিদার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত তথ্য ও প্রমাণাদি পাঠানো হয়।

রাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদের বর্তমান অবস্থান এবং সংযুক্ত আরব আমিরাতে চলমান প্রত্যর্পণ কার্যক্রমের সর্বশেষ অবস্থা জানার লক্ষ্যে সংসদে প্রস্তাবটি গ্রহণের আগেই এনসিবি ঢাকার পক্ষ থেকে এনসিবি আবুধাবিকে আনুষ্ঠানিকভাবে হালনাগাদ তথ্য চাওয়া হয়েছিল। যার ফলে গত ৯ সেপ্টেম্বর এনসিবি আবুধাবির একটি পত্র এনসিবি ঢাকায় আসে।

তিনি আরও জানান, বেনজীরের হেফাজত সংক্রান্ত অবস্থার পরিবর্তন অনুরোধপ্রাপ্ত সংশ্লিষ্ট দেশের নিজস্ব আইন ও বিচারিক প্রক্রিয়ার আওতাভুক্ত। ওই সিদ্ধান্ত বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাহার বা প্রত্যাখ্যান কিংবা প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না।

প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু ইন্টারপোলের রেড নোটিশ বা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেপ্তারের মাধ্যমে প্রত্যর্পণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় না। অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের সেন্ট্রাল অথোরিটি ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পরীক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করে।

কোনো ব্যক্তির জামিনপ্রাপ্তি প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না জানিয়ে মন্ত্রী সংসদকে বলেন, প্রত্যর্পণ সম্পন্ন করতে কিছু আইনি ও বিচারিক ধাপ অতিক্রমের প্রয়োজন হওয়াকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে বিবেচনা করাও যথাযথ হবে না। বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথি দিয়েছে, স্থানীয় আইনজীবী নিয়োগ করেছে এবং তার অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান ও সমন্বয় অব্যাহত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনের শাসন, যথাযথ বিচারিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যাচাইহীন তথ্যের পরিবর্তে নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সব আইনি, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত রাখা হবে।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।