মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ · ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা ও মাদক কারবার নিয়ন্ত্রণের অভিযোগ

linknews

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ | ১৯:৪৫

​রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা ও মাদক কারবার নিয়ন্ত্রণের অভিযোগ

স্থানীয় বাসিন্দাদের দাবি, বাগবের, টিনর ও গোয়ালপাড়া এলাকায় একটি শক্তিশালী প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলে দীর্ঘদিন ধরে এসব অপকর্ম চালিয়ে আসছেন তিনি।

​রাজনৈতিক পরিচয় বদল ও রাতারাতি বিত্তবৈভব:

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে জজ মিয়া কখনো তৈমূর আলম খন্দকারের নেতৃত্বাধীন তৃণমূল বিএনপির সঙ্গে যোগাযোগ রাখতেন, আবার কখনো আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে চলাফেরা করতেন। তবে পটপরিবর্তনের পর তিনি নিজেকে বিএনপি ও যুবদলের ত্যাগী নেতা হিসেবে জাহির করতে শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, এক সাবেক জেলা ছাত্রদল নেতার সঙ্গে সাক্ষাতের একটি ছবিকে পুঁজি করে তিনি নিজেকে যুবদলের প্রভাবশালী নেতা হিসেবে উপস্থাপন করছেন।

​একসময় অসচ্ছল জীবনযাপন করলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি অল্প সময়ে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। রূপগঞ্জের টিনর ও বাগবের এলাকায় তাঁর একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি ছাড়াও রাজধানী ও এর আশপাশে বেনামে একাধিক প্লট-ফ্ল্যাট, দামি গাড়ি ও মোটরসাইকেল রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

​চাঁদাবাজি ও জমি দখলের মহোৎসব:

পূর্বাচল ও আশপাশের আবাসন প্রকল্প, ব্যবসাপ্রতিষ্ঠান এবং ব্যক্তিগত সম্পত্তিতে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ রয়েছে জজ মিয়ার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি নিয়মিত বড় অঙ্কের চাঁদা আদায় করেন। এর মধ্যে ফরটিস গ্রুপের কাছ থেকে মাসে ১০ লাখ টাকা, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমন হাসান খোকনের কাছ থেকে ৫ লাখ টাকা এবং তাঁতী লীগ নেতা আলমের কাছ থেকে মাসে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ রয়েছে। এ ছাড়া বাদশা মেম্বার ও তাঁর পরিবারের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলেরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

​রক্তাক্ত হামলা ও নির্যাতনের অভিযোগ:

স্থানীয়দের অভিযোগ, জজ মিয়ার অনুসারীরা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও রাতের বেলায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। বিশেষ করে তাঁতীদল নেতা মৃদুলের ওপর ধারালো অস্ত্রের মারাত্মক হামলার ঘটনা এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ রয়েছে, মৃদুলের পিঠে ৩০টিরও বেশি আঘাত করা হয়েছিল। এ ছাড়া নিজ কার্যালয়ে একটি টেলিভিশন দেওয়ার আবদার পূরণ না করায় জালাল নামে এক স্থানীয় বাসিন্দাকে রাজনৈতিক মামলায় জড়িয়ে কারাবন্দী করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

​কিশোর গ্যাং, মাদক ও অন্যান্য অবৈধ ব্যবসা:

গোয়ালপাড়া ও বাগবের এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় মাদক কারবারি, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে একটি নিজস্ব প্রভাববলয় তৈরি করেছেন জজ মিয়া। এই চক্রের মাধ্যমেই এলাকায় মাদক কেনাবেচা, ছিনতাই এবং অবৈধ চোরাই তেলের ব্যবসা পরিচালিত হচ্ছে। এ ছাড়া নারীদের হয়রানি, অনৈতিক প্রস্তাব দেওয়া এবং ব্যক্তিগত দুর্বলতাকে পুঁজি করে ব্ল্যাকমেইলের মতো গুরুতর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

​ইউপি সদস্য পদে নির্বাচন নিয়ে শঙ্কা:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রূপগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন জজ মিয়া। তাঁর এই প্রার্থিতার খবরে এলাকায় নতুন করে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, প্রভাব খাটিয়ে তিনি নির্বাচনপূর্ব পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে পারেন।

​এলাকাবাসীর দাবি, জজ মিয়ার বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি, জমি দখল, হামলা, মাদক কারবার এবং অবৈধ সম্পদ অর্জনের বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এ বিষয়ে অভিযুক্ত জজ মিয়ার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তা পরবর্তীতে সংবাদে যুক্ত করা হবে।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।