ব্যাংকিং খাতে নতুন মাইলফলক: দেশে প্রথম ওমনিচ্যানেল সেবা আনল ব্র্যাক ব্যাংক
linknews
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১৩:১৭

ফলে গ্রাহকেরা একটি মাধ্যমে ব্যাংকিং সেবা নেওয়া শুরু করে অন্য মাধ্যমে গিয়ে তা শেষ করতে পারবেন। এতে বারবার একই তথ্য দেওয়া বা নতুন করে আবেদনের প্রয়োজন পড়বে না।
রোববার (১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়। ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, ওমনিচ্যানেল ব্যাংকিংয়ের আওতায় গ্রাহকেরা ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা, ঋণ কিংবা ক্রেডিট কার্ডের আবেদন শুরু করতে পারবেন। প্রয়োজনে পরে শাখা, কল সেন্টার বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে গিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। কোনো কারণে আবেদন মাঝপথে বন্ধ হয়ে গেলেও পরবর্তী সময়ে আগের অবস্থান থেকেই কাজ চালিয়ে নেওয়ার সুযোগ থাকবে।
নতুন এ ব্যবস্থায় গ্রাহকেরা পাঁচ ধরনের সুবিধা পাবেন। যেমন- পছন্দমতো মাধ্যমে ব্যাংকিংসেবা গ্রহণ, নিরবচ্ছিন্ন সেবা, সময় সাশ্রয়, সার্বক্ষণিক যোগাযোগ ও সহায়তা এবং ব্যক্তিগত চাহিদাভিত্তিক অফার। গ্রাহকের প্রয়োজন, পছন্দ ও ব্যাংকের সঙ্গে পূর্ববর্তী লেনদেনের তথ্য বিশ্লেষণ করে প্রাসঙ্গিক সেবা ও অফার দেওয়া হবে।
ব্যাংকটির দাবি, প্রতিটি চ্যানেলে গ্রাহকের তথ্য ও সেবার অগ্রগতির অবস্থা দেখা যাবে। ফলে একই তথ্য বারবার দিতে হবে না। এতে গ্রাহকের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ হবে।
বর্তমানে ব্র্যাক ব্যাংকের ৩১২টি শাখা ও উপশাখা, ১ হাজার একশ’র বেশি এজেন্ট ব্যাংকিং আউটলেট, কল সেন্টার, অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এ সেবা পাওয়া যাবে। ব্র্যাক ব্যাংকের গ্রাহক ছাড়া অন্যরাও নতুন অ্যাকাউন্ট খোলা, ঋণ ও ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
ওমনিচ্যানেল ব্যাংকিং ব্যবহারের জন্য গ্রাহকদের আলাদা কোনো চার্জ দিতে হবে না। তবে সংশ্লিষ্ট ব্যাংকিং পণ্য ও সেবার প্রচলিত ফি বহাল থাকবে। স্মার্টফোন না থাকলেও শাখা, এজেন্ট ব্যাংকিং বা কল সেন্টারের মাধ্যমে সেবা নেওয়া যাবে।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসান বলেন, গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবার ক্ষেত্রে ওমনিচ্যানেল ব্যাংকিং দেশের ব্যাংকিং খাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। ডিজিটাল সুবিধা ও মানবকেন্দ্রিক সেবাকে একই সূত্রে যুক্ত করেছে এ উদ্যোগ। গ্রাহকদের প্রয়োজন ও আচরণের সঙ্গে আধুনিক বৈশ্বিক ব্যাংকিংয়ের সমন্বয় করে সেবার মান, সহজলভ্যতা ও সন্তুষ্টি বাড়ানোই এর লক্ষ্য।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিফাত উল্লাহ খান বলেন, আধুনিক প্রযুক্তি, ডেটা অ্যানালিটিকস ও ব্যক্তিকেন্দ্রিক সহায়তার মাধ্যমে গ্রাহকদের জন্য সমন্বিত ব্যাংকিং অভিজ্ঞতা তৈরি করা হচ্ছে। ব্যাংকিংকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করার পাশাপাশি গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক গড়ে তুলতে চান তারা।
ব্র্যাক ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০১ সালে যাত্রা শুরু করা ব্র্যাক ব্যাংকের বর্তমানে ৩১২টি শাখা ও উপশাখা, ৩০৩টি এটিএম, ৮৪৬টি এসএমই ইউনিট অফিস এবং ১ হাজার একশ’র বেশি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। ব্যাংকটিতে কর্মরত রয়েছেন ১৪ হাজারের বেশি কর্মী। ২০২৬ সালে ফোর্বসের বিশ্বের শীর্ষ ৫০০ ব্যাংকের তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি ব্যাংক ব্র্যাক ব্যাংক।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
করপোরেট নির্ভরতা কমিয়ে ক্ষুদ্র ও ব্যক্তি পর্যায়ে ঋণ বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক
linknews · ১ দিন আগে

টানা পাঁচ দফা কমলো স্বর্ণের দাম, ভরিতে কত
linknews · ২ দিন আগে

স্বর্ণের বাজারে বড় স্বস্তি: সপ্তাহের ব্যবধানে কমল প্রায় ৮ হাজার টাকা
linknews · ৪ দিন আগে

নিরাপত্তায় ঘাটতি ও ঝুঁকি বাড়ছে ব্যাংকের অ্যাপে
linknews · ৪ দিন আগে