বিতর্কিত মন্তব্য প্রত্যাহার, দুঃখ প্রকাশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
linknews
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ | ২০:২৮

বুধবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বোরহান উদ্দীনের সই করা এক ব্যাখ্যায় এসব কথা জানানো হয়।
ব্যাখ্যায় বলা হয়, ১১ নভেম্বর প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে প্রতিমন্ত্রীর বক্তব্যকে উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা অসত্য এবং বিভ্রান্তিকর।
মন্ত্রণালয় জানায়, প্রতিমন্ত্রী তার আনুষ্ঠানিক বক্তব্যে এলজিইডির নব নিয়োগকৃত সহকারী প্রকৌশলীদের সরকারি উন্নয়ন কাজের মান বজায় রেখে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে থেকে কাজের মান সম্পর্কে নিশ্চিত হয়ে ঠিকাদারদের বিল পরিশোধের তাগিদ দিয়েছেন। কাজের গুণগত মান রক্ষা করে নিয়মতান্ত্রিক উপায়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার বিষয়টিকেই সেখানে উৎসাহিত করা হয়েছে। সরকারি ব্যায় ও কেনাকাটার ক্ষেত্রে পিপিআর ও পিপিএ কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্যাখ্যায় আরও বলা হয়, প্রতিমন্ত্রীর মূল বক্তব্য আড়াল করে একটি মহল তার সঙ্গে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের অনানুষ্ঠানিক আলাপকালের কিছু বক্তব্য বিভিন্ন প্রচারমাধ্যমে ছড়িয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়েছে। তার বক্তব্যকে ঘুষ লেনদেনের বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করা শুধু অনভিপ্রেত নয়, বরং এটি সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের প্রতি একধরনের রাজনৈতিক অপপ্রচার।
মন্ত্রণালয়ের দাবি, সরকার সবসময় স্বচ্ছতা, জবাবদিহি এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। দায়িত্বশীল পদে থেকে কোনো প্রকার বৈধ প্রক্রিয়ার বাইরে অবৈধ সুবিধা গ্রহণের সুযোগ নেই।
ব্যাখ্যায় আরও বলা হয়, বুধবার সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী এবং প্রকৌশলীদের নিয়ে একটি কর্মশালায় গণমাধ্যমের সামনে আগের দিনের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি সেসব অনানুষ্ঠানিক বক্তব্য প্রত্যাহার করেছেন।
এই বক্তব্যগুলোর সঙ্গে সরকারের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই বলে ব্যাখ্যায় জানানো হয়।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে দুর্নীতি বন্ধে সবাই মিলে সরকারকে সহযোগিতার অনুরোধ জানানো হয় এতে।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) আগারগাঁওয়ে এলজিআইডি ভবনে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতে পারবেন।’
তার এ বক্তব্য নিয়ে সমালোচনা তৈরি হলে টিআইবি এর প্রতিবাদ জানায়।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা
linknews · ১৯ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের তিন পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
linknews · ২০ ঘণ্টা আগে

রাষ্ট্রদূত পদে নিয়োগ পাচ্ছেন সেনাহিনীর দুই মেজর জেনারেল
linknews · ২০ ঘণ্টা আগে

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী
linknews · ২০ ঘণ্টা আগে