খুলনা নগর ভবনে পেট্রোলবোমা হামলা: যৌথ বাহিনীর টহল শুরু
linknews
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ | ২০:১২

সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সোমবার (১৬ নভেম্বর) থেকে নগরীর বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। পাশাপাশি জেলার ৯ থানার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান চালাচ্ছে জেলা পুলিশ। এদিকে নগর ভবনে হামলার ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছে কেসিসি।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা খুলনা নগরীর গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা কেসিসি নগর ভবন লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাটি বিস্ফোরিত হলে বিকট শব্দের সৃষ্টি হয় এবং ভবনের সামনের অংশে আগুন ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় লোকজন ও পুলিশের দ্রুত তৎপরতায় বড় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ঘটনার পর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগর ভবনের ঘটনাস্থল পরিদর্শন করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এ ধরনের নাশকতা চালানো হচ্ছে। সাম্প্রতিক হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ও সন্ত্রাসীদের সম্পৃক্ততা থাকতে পারে।
তিনি আরও বলেন, গত সপ্তাহে খুলনার জুলাই স্মৃতিস্তম্ভেও পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। খুলনায় সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে বলা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণেও তারা এ ধরনের ঘটনা ঘটাতে পারে, যা উড়িয়ে দেওয়া যায় না।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, নগর ভবনে হামলাকারীদের শনাক্ত করা গেছে এবং এ ঘটনায় খুব দ্রুত ভালো ফল পাওয়া যাবে। একটি নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল এ হামলা চালিয়েছে বলেও দাবি করেন তিনি।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, নগর ভবনে বোমা হামলার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, সোমবার থেকে সন্ত্রাস দমনে যৌথবাহিনীর টহল শুরু হয়েছে। সন্দেহভাজন এলাকাগুলোতে যৌথবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে টহল দেবেন। গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আগে থেকেই নিরাপত্তাব্যবস্থা ছিল। নগর ভবনে হামলার পর এসব প্রতিষ্ঠানের আশপাশে টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।
অন্যদিকে খুলনা জেলার ৯ থানার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান চালাচ্ছে জেলা পুলিশ। মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ঠেকাতেও বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা।
জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, বিশেষ অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই, অবৈধ যান চলাচল ও যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও তাদের সঙ্গে থাকা ব্যাগপত্র তল্লাশি করা হচ্ছে। ইতোমধ্যে মাদক কারবার ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
নিম্নচাপের প্রভাব: রাতের মধ্যে ৬ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, নৌবন্দরে ১ নম্বর সংকেত
linknews · ২৪ মিনিট আগে

জাল নোট ভাঙাতে গিয়ে ভিক্ষুককে ২০ টাকা দেওয়ায় আটক ফখরুল ইসলাম
linknews · ৩৮ মিনিট আগে

আজমুল হত্যা: পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও জামিন বাতিলের দাবি
linknews · ৫৭ মিনিট আগে

ককটেল বিস্ফোরণ ও নাশকতার আশঙ্কায় ঢাবির প্রবেশমুখে কড়াকড়ি
linknews · ১ ঘণ্টা আগে