ককটেল বিস্ফোরণ ও নাশকতার আশঙ্কায় ঢাবির প্রবেশমুখে কড়াকড়ি
linknews
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ | ১৯:৪৬

বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান প্রবেশমুখ শাহবাগ মোড় ও তৎসংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে নিবিড় তল্লাশি চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন তৎপরতা ও ঝটিকা কর্মসূচির তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এরই মধ্যে গত কয়েক দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পাশের শ্যাডো এলাকা, ব্যবসায় শিক্ষা অনুষদ (এফবিএস) এবং টিএসসি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব বিস্ফোরণে সাধারণ মানুষ আহত হওয়ার পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা-ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। এসব ঘটনার পরপরই রাজধানীজুড়ে প্রায় ২৫০টি চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করে ডিএমপি, যার অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো শাহবাগ।
সোমবার (১৬ নভেম্বর) সরেজমিনে দেখা গেছে, শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অভিমুখী সড়ক এবং জাতীয় জাদুঘরের সামনের অংশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা ব্যারিকেড বসিয়ে প্রতিটি সন্দেহভাজন মোটরসাইকেল, প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করছেন। যানবাহনের কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি যাত্রীদের ব্যাগ ও পরিচয়পত্রও খতিয়ে দেখা হচ্ছে। বহিরাগত কেউ অকারণে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে তাদেরও জিজ্ঞাসা করছে পুলিশ।
পুলিশের এই তৎপরতার পাশাপাশি ক্যাম্পাসের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে যানবাহন প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণের ঘোষণা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, চিকিৎসক, সাংবাদিক ও সরকারি গাড়ি) ছাড়া অন্য সব যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে প্রবেশকারী যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শাহবাগ থানার এসআই আলামিন বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন যাতে জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় কোনো ধরনের অরাজকতা বা নাশকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ শিক্ষার্থী ও নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
আজমুল হত্যা: পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও জামিন বাতিলের দাবি
linknews · ১৭ মিনিট আগে

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধির প্রধান ফটক খুলে আ.লীগ নেতাকর্মীদের শপথ
linknews · ২৩ মিনিট আগে

জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন সিনিয়র ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ আসিফ
linknews · ২৫ মিনিট আগে

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ছুড়ল পুলিশ
linknews · ৩৩ মিনিট আগে