আফ্রিকায় পোস্টিং এড়াতে বিমান ছিনতাইয়ের ভুয়া হুমকি, আটক ১
linknews
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৩:৫৩

ঘটনাটি বুধবার (১১ নভেম্বর) সকালের। কলকাতা থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানের যাত্রী ছিলেন ওই ব্যক্তি। আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
পুলিশের তথ্যমতে, ওই দিন সকালে কলকাতা বিমানবন্দর থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীরা আসন গ্রহণ করেছিলেন। পাইলটও উড্ডয়নের অপেক্ষায় ছিলেন। এ সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে পাইলটের কাছে একটি বিশেষ বার্তা আসে। জানানো হয়, ওই বিমানে ছিনতাইয়ের হুমকি রয়েছে।
প্রাথমিকভাবে জানা যায়, বিমানের টয়লেটে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা ছিল, বিমানটি ছিনতাই করা হবে। এরপর ফ্লাইটটি সাময়িকভাবে স্থগিত করা হয়। নির্দেশনা অনুযায়ী, বিমানটি আইসোলেশন বে-তে সরিয়ে নেওয়া হয়। যাত্রীদেরও নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার তদন্ত শুরু করেন ব্যুরো অব সিভিল এভিয়েশনের কর্মকর্তারা। বিমানে থাকা ১০৫ জন যাত্রীর হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়। পরে সেগুলোর সঙ্গে চিরকুটে লেখা হাতের লেখার মিল খুঁজে দেখা হয়।
প্রাথমিক তদন্তের পর বিমানের এক যাত্রীকে আটক করা হয়। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম পার্থপ্রতীম নন্দী। তিনি সোদপুরের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি হুমকিবার্তাটি লেখার কথা স্বীকার করেন বলে জানা গেছে। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত কর্মকর্তারা জানান, চিরকুটে ইংরেজি বড় হাতের অক্ষরে হুমকিবার্তা লেখা হয়েছিল। লেখার জন্য মানিব্যাগের ভেতরে রাখা কাগজ ব্যবহার করা হয়। হাতের লেখার নমুনা ও ওই কাগজের সূত্র ধরেই অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়।
জিজ্ঞাসাবাদে পার্থপ্রতীম জানান, তার ইচ্ছার বিরুদ্ধে অফিস থেকে তাকে আফ্রিকার একটি দেশে পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তিনি সেখানে যেতে রাজি ছিলেন না। কীভাবে এই সফর ঠেকানো যায়, সেই পরিকল্পনা থেকেই তিনি এ কাণ্ড ঘটান।
তার ধারণা ছিল, বিমানে হুমকিবার্তা পাওয়া গেলে ফ্লাইট বাতিল হবে। ফলে তাকে আর অফিসের কাজে আফ্রিকায় যেতে হবে না। প্রাথমিকভাবে অস্বীকার করলেও পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের দায় স্বীকার করেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে অফিসিয়াল পোস্টিং এড়াতে এমন কাণ্ড ঘটিয়ে এখন তিনি আইনি ও কারাবাসের মুখোমুখি হয়েছেন।
সূত্র: সংবাদ প্রতিদিন
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
অ্যান্ড্রয়েড গ্যালারির তথ্য ব্যবহারের দায়ে মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা
linknews · ১৯ ঘণ্টা আগে

প্রথমবারের মতো বৈঠকে বসছেন ট্রাম্প-শি ও পুতিন, আলোচনা কী নিয়ে
linknews · ২ দিন আগে

তুরস্ক-কাতার উচ্চপর্যায় বৈঠক: সই হলো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি
linknews · ২ দিন আগে

পাকিস্তানের প্রথম ‘ক্যাশলেস’ শহর হতে যাচ্ছে ইসলামাবাদ
linknews · ২ দিন আগে